পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আদম আলী শাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। এর আগে তিনি ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের পথ আটকে গুলি ছোড়ে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ছেড়ে যায় তারা। সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আদম আলী আলোচিত তমা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ছিলেন বলেও জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর একদন্ত ইউনিয়নের শাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশঝাড় থেকে তমা খাতুন নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আদম আলীকে প্রধান আসামি করা হয়েছিল।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আদম আলীকে প্রথমে গুলি এবং পরে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।