সিংড়ায় কিশোরী ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী হুলহুলিয়া আদর্শ গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৪০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত আকরাম সরদার (৪০) হুলহুলিয়া গ্রামের সরদারপাড়া এলাকার ওয়াজেদ সরদারের ছেলে। শনিবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে অভিযুক্তকে আটক করেন।

এ বিষয়ে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির শাহ বলেন, ধর্ষণচেষ্টার একটি অভিযোগ পাওয়া গেছে। গ্রামের নিয়ম অনুযায়ী বিষয়টি স্থানীয় আদালতে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এবিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।