সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে অর্থ বাণিজ্য ও অনিয়মের মধ্য দিয়ে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে এবং এই নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার জোয়াড়ি আটঘরিয়া স্কুল মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে আটঘরিয়া গ্রামের আরিফ খাঁ ও তার পরিবারের সদস্যরা বিভিন্নসময় বিএনপির সমর্থক ও কর্মীদের ওপর নির্যাতন করে। অথচ বিএনপির শাসনামলে সেই আরিফ খাঁকে জোয়াড়ি ইউনিয়নে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে এবং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই নিয়োগ হয়েছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত এ নিয়োগ বাতিল করে বিএনপির ত্যাগীদের মধ্য থেকে যে কোন একজনকে ডিলার নিয়োগের দাবি জানান তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- জোয়াড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লালু, প্রভাষক মোর্তজা আলী বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জসিম, ইউনিয়ন বিএনপির  সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক রনি ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সদস্য মোহাম্মদ আলী, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।