যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে জয়পুরহাটের বেশ কয়েকটি এলাকায় আজ সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

রোববার (১১ অক্টোবর) নেসকোর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো বিহারীপাড়া, মহিলা কলেজ, কাপড়পট্টি, মৌসুমী মার্কেট, ধানমণ্ডি, ইরাক নগর, কৃষি অফিস, গোরস্তান রোড, সুফিয়ান ঠিকাদার বাড়ি, শহিদ জিয়া কলেজ, পৌর কমিউনিটি সেন্টার, পাচুর রোড, শামশুল হাজীর ডিপ, পাগলির মোড়, এতিমখানা রোড, মাদারগঞ্জ, টুকুর মোড়, সুপারি ডোবা, পারুলিয়া, বামনপুর চারমাথা ও হেলকুন্ডা রোডসহ আশপাশের এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।