নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ের থানার সহকারী পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ পর্যন্ত ১৪ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন। অন্যদের নাম–পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। ভোর ৫টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৩২ জন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুর মৃত্যু হয় নাটোর সদর হাসপাতালে। অন্য হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়।