পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারকে (২৩) আটক করেছে পুলিশ।

নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই গ্রামের মৃত লোকমান সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন সরদার মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করতেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সূর্যবানু রান্না করছিলেন। এ সময় উদ্দিন মায়ের কাছে নেশার টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে আঘাত করে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পাশের আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে উদ্দিন সরদারকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই বাড়ি থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে জব্দ করা হয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশের একটি বাড়ির গ্রিল কেটে অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।