রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমানও বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরে কর্মরত পুলিশের নজরে গ্রেনেডসদৃশ বস্তু দুটি আনেন। এরপর পুলিশ ওই স্থান ঘিরে রাখে। এর পাঁচ মিনিট আগে সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন জ্বালানিমন্ত্রী। তখন তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন।
গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি মন্ত্রীকে জানানোর পর নিরাপত্তার স্বার্থে তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হন। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।