নাটোরের সিংড়ায় জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাঁরা ব্যানার ও সবুজ কাপড় নিয়ে বিদ্যালয়ের ফটকের সামনে অবস্থান করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ, বিদ্যালয়ের টিউশন ফির অর্থ উত্তোলন ও হিসাবের ক্ষেত্রে অনিয়মের পাশাপাশি তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক ব্যাংক থেকে টিউশন ফির ৭ লাখ ৬৬ হাজার ৩৩৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তাঁরা এসব অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, তার বিরুদ্ধে সাজানো অভিযোগ দেওয়া হয়েছে। তার কাছে ২ লাখ ৭৬ হাজার টাকা রয়েছে এবং যেকোনো সময় ওই অর্থের হিসাব দিতে পারবেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেকেন্দার আলী বলেন, এ বিষয়ে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।