সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার মধ্যে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম শেখ মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পাথরবোঝাই ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।