চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তাদের মেয়ে লিমু খাতুন (১৭)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার পর বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে যান মিলি। এ সময় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুতের সংস্পর্শে থাকতে দেখে তাঁকে উদ্ধারে এগিয়ে যায় মেয়ে লিমু। এ সময় সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।