সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে কিশোর

রাজবাড়ীর কালুখালীতে সাপের কামড়ে জীবন শেখ (১৪) নামের এক কিশোর আহত হয়েছে। পরে স্বজনরা সাপটি মেরে সেটিসহ তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, কিশোরটির শরীরে এখন পর্যন্ত বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকার একটি খাবারের হোটেলে এ ঘটনা ঘটে।

আহত জীবন শেখ ওই এলাকার আকমত শেখের ছেলে। সে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জীবন জানায়, বাড়ি থেকে বাজারে গিয়ে একটি হোটেলে বসেছিল সে। এ সময় টেবিলের নিচ থেকে একটি সাপ তার পায়ে কামড় দেয়। এরপর পায়ে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সাপটি মেরে তাকে হাসপাতালে নিয়ে আসেন।

জীবনের ফুফা আজম শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, সাপে কেটেছে জীবনকে। পরে সাপটি মেরে একটি গাড়ির ব্যবস্থা করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। কোন প্রজাতির সাপ কামড় দিয়েছে, তা শনাক্ত করতে সাপটিও সঙ্গে নিয়ে এসেছেন। এতে চিকিৎসকদের চিকিৎসা দিতে সুবিধা হবে বলে তাঁরা মনে করেছেন।

আহত কিশোরের চাচাতো ভাই আনিস বলেন, সাপে কামড় দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি। পরে স্বজনদের সহযোগিতায় সাপটি মেরে জীবনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সহকারী সার্জন ডা. মিঠুন সূত্রধর বলেন, সাপটি দেখে প্রাথমিকভাবে গোখরার বাচ্চা বলে মনে হয়েছে। তবে নিশ্চিতভাবে এর প্রজাতি বলা যাচ্ছে না। কিশোরটির শরীরে এখন পর্যন্ত বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। কামড়ের স্থানেও তেমন কোনো ক্ষতি হয়নি। তাকে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণত সাপে কাটার পর রোগীকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এ সময়ের মধ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে অ্যান্টিভেনম প্রয়োগ করা হবে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং প্রয়োজন হলে তা ব্যবহারের প্রস্তুতিও আছে।