প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক পেয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক নারী উদ্যোক্তা মোছা. বিউটি বেগম
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ও স্বর্ণপদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিউটি বেগম ক্ষেতলাল উপজেলার হিন্দা-বজরবরাহী গ্রামের তোতা মিয়ার স্ত্রী। ‘প্রান্তিক খামারি ও অনগ্রসর জনগোষ্ঠীর অবদান’ ক্যাটাগরির ক্ষেত্র বিভাগে তিনি এ পদক অর্জন করেন।
তিনি জয়পুরহাটের এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো)-এর প্রাণিসম্পদ কার্যক্রমের একজন নারী উদ্যোক্তা ও সুফলভোগী। পিকেএসএফের আর্থিক সহযোগিতায় এসোর মাধ্যমে বাস্তবায়িত ‘বাক সার্ভিস সেন্টার’ (বিউটি পাঠার খামার) কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে তিনি এ সাফল্য অর্জন করেন।
বিউটি বেগমের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে এহেড সোশ্যাল অর্গানাইজেশন। সংস্থাটির কৃষি ইউনিটের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
এসোর পক্ষ থেকে জানানো হয়, এ স্বীকৃতি শুধু বিউটি বেগমের ব্যক্তিগত অর্জন নয়; প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতে নারীদের অংশগ্রহণ ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রেও এটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। জাতীয় পর্যায়ে এ অর্জন সংস্থাটির কার্যক্রমের পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সাফল্যের পেছনে সংস্থার নির্বাহী পরিচালকের দিকনির্দেশনা, কৃষি ইউনিটের নিয়মিত তদারকি ও উৎসাহ এবং উপনির্বাহী পরিচালক, ফোকাল পারসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কথা উল্লেখ করেছে কৃষি ইউনিট।
ক্ষেতলালের একজন প্রান্তিক নারী উদ্যোক্তার জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি অর্জনে স্থানীয়ভাবে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জন এলাকার অন্য নারী উদ্যোক্তা ও খামারিদেরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।