রাজশাহীর ৫ পত্রিকা অফিসে আগুন, স্থানীয় পত্রিকার প্রকাশনা বন্ধ

শেখ হাসিনার পদত্যাগের পরপরই রাজশাহীর ৫ পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে পত্রিকা অফিসগুলোর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহী সব স্থানীয় পত্রিকার প্রকাশনাও বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্ত পত্রিকা অফিসগুলো হলো- রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ, দৈনিক গণধ্বনী প্রতিদিন, অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজ, পদ্মা টাইমস ও বাংলার জনপদ।

রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহীতে দুইটি পত্রিকা ও ৩টি অনলাইন অফিসে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পর আমরা নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রকাশনা বন্ধ রেখেছি। আজ থেকে এটি আবার চালু হবে।

তিনি আরও বলেন, এমন ঘটনা আগে আমি দেখিনি। এমন হামলায় আমরা তীব্র নিন্দা জনাচ্ছি। ছোট ছোট ছেলেদের নিয়ে এ হামলা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।

রাজশাহীর স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বলেন, আমাদের অফিসের যেসব কাগজপত্র ছিল সব নিচে নিয়ে এসে আগুন দিয়েছে। চেয়ার টেবিল, কম্পিউটার, এসি ফ্যান সব লুটপাট করে নিয়ে গেছে। উপর প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পত্রিকা প্রকাশনা হয় নি। আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এই মুহুর্তে কাটিয়ে ওঠা সম্ভব নয়। রাজশাহীতে এটিই প্রথম হামলা। এর আগে বাহিরে হামলা হলেও এত সংগঠিতভাবে লুটপাটের ঘটনা ঘটে নি। আমাদের অফিস ক্লিন করে দিয়েছে। এটি না দেখলে বোঝা যাবে না।