ভাঙারি দোকান থেকে ভাস্কর্য ফিরিয়ে নিলেন রাবির সেই অধ্যাপক

মুক্তিযোদ্ধার দুটি ভাস্কর্য ভাঙারি দোকানে বিক্রির খবরে চারদিকে নানান সমালোচনা শুরু হয়। সেই ভাস্কর্য দুটি নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। ভাস্কর্যটি আবারও স্থান পেয়েছে তার স্টুডিওতে।

এ বিষয়ে তিনি জানান, প্রায় ১২ বছর তার স্টুডিওতে পড়ে ছিল ভাস্কর্য দুটি। স্টুডিও পরিষ্কার করার জন্য সম্প্রতি তিনি ৪০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছিলেন। তার একটি ভাঙড়ির দোকানে রাখা হয়েছিল। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এনিয়ে তিনি চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন। তার পরিবারও খারাপ সময় পার করছে।

অধ্যাপক আমিরুল মোমেনিন বলেন, ২০১১-১২ সালের দিকের নওগাঁর মান্দায় স্থাপনের জন্য ঠিকাদারের মাধ্যমে দুটি ভাস্কর্যে অর্ডার পাই। কিন্তু একটা ভুল হয়ে যায়। তারা সিমেন্টের ভাস্কর্য চেয়েছিলেন। কিন্তু আমি বানিয়েছিলাম স্টিল দিয়ে। পরে  আবারো সিমেন্ট দিয়ে নতুন ভাস্কর্য বানিয়ে দেই তাদের। আর এই দুটি ভাস্কর্য স্টুডিওতে স্থান পায়।

তবে এ নিয়ে রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি পোষণ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।