বগুড়ায় ভেঙে ফেলে দেয়া জাসদ অফিস, টাউন ক্লাব, আওয়ামী লীগ অফিস, ছাত্র ইউনিয়ন অফিসের মালিকানা দাবী করে ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সেখানে ব্যানার ঝুলিয়ে দিয়েছে একদল লোক।
জমির দাবিদার মিজানুর রহমান বলেন, ‘এটা আমার দাদার কেনা সম্পত্তি। পার্টি অফিস থাকায় আমরা জায়গায় আসতে পারিনি। এখন ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা আমাদের জায়গা দখল নিতে এসেছি।’
ঝুলিয়ে দেওয়া ব্যানারে লেখা রয়েছে, ‘১৯৫২ সালে ক্রয়সূত্রে মালিক।’ মালিকদের নাম লেখা আছে-- ‘মো. কোরবান আলী, আব্দুর রহমান, রুস্তম আলী ও বাবু কালি গোপাল।’
এরআগে বৃহস্পতিবার রাত ৮টার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার নিয়ে এসে ওইসব অফিস ভেঙে ফেলে।
মোকসুদুর রহমান, মিজানুর রহমান, মরিয়ম বেগম, কহিনুর বেগম,সাবানা সুলতানাসহ প্রায় ৩০ জন নিজেদের জমির মালিক দাবী করেন। এ সময় তারা ব্যানার ঝুলিয়ে, সার্ভেয়ার দিয়ে জায়গা মেপে, আশপাশের লোকজনকে মিষ্টি খাইয়ে সেখানে স্থাপনা তৈরির সরঞ্জাম জড়ো করেন।
‘জাস্টিস ফর জুলাই’-এর সহ যুগ্ম আহবায়ক ডা. সানী জানান, ‘আমরা ওই স্থানে শহীদ আবু সাঈদ জামে মসজিদ ও পাশে আওয়ামীলীগ অফিসটিকে আওয়ামী আবু জেহেল পাবলিক টয়লেট তৈরি করব।’