বাগাতিপাড়ায় সাপের ছোবলে বৃদ্ধার মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় সাপের ছোবলে খরপি বেওয়া (৬৪) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খরপি বেওয়া ওই গ্রামের মৃত নাদের আলীর স্ত্রী।
 
স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে খরপি বেওয়া ঘরের এক কোণায় রাখা পানের বাটির কাছে পান খেতে বসেন। এ সময় আগে থেকেই লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। তার শরীরে বিষাক্ত সাপের ছোবলের চিহ্ন স্পষ্ট ছিল।