দুদকের মামলায় রাজশাহীর সাবেক রেজিস্ট্রার কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) রাজশাহী মহানগরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।

দুদকের রাজশাহী অঞ্চলের পাবলিক প্রসিকিউটর বজলে তৌহিদ আল হাসান বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটিতে আবুল কালাম আজাদের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ধার্য তারিখে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল কালাম আজাদের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের ‘ক্রিস্টাল ক্যাসেল’ নামে একটি ভবনের নিজ ফ্ল্যাটে বসবাস করছিলেন। তিনি রাজশাহীতে দীর্ঘদিন জেলা রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ে মামলা হয়।