জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বিয়ের দিন। সেই দিনেই নাগরিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে ভোটকেন্দ্রে হাজির হলেন বর মো. সামিউল ইসলাম (৩২)। বিয়ের সাজে কনের বাড়িতে যাওয়ার আগে তিনি সরাসরি কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। তার সোজা কথা- ‘আগে ভোট, পরে বিয়ে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার কথা ছিল সামিউলের। তবে তার আগে তিনি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।
সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। বিয়ের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও ভোট দিতে আসায় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট, পরে বিয়ে।’
কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, সামিউল অনুপ্রেরণার উদাহরণ সৃষ্টি করেছেন। তার মতো সচেতন তরুণদের দেখে অন্যরাও দায়িত্বশীলভাবে ভোট দিতে উৎসাহিত হবেন।
বিয়ের সাজে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহলের মতে, এমন উদ্যোগ তরুণ সমাজকে নাগরিক দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।