জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার পেলো সহায়তা

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্ট ফান্ড থেকে মোট ৭৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
 
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী হতাহত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মামুন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন মাসুদ রানা প্রধান, রাম কৃষ্ণ পোদ্দারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং সহায়তা প্রাপ্ত পরিবারের সদস্যরা।
 
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও শারীরিক ক্ষতির যে অপূরণীয় ক্ষতি হয়, তা কোনো অর্থমূল্য দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই মানবিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
 
অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে চালক, পথচারী এবং সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। এদিকে সরকারি সহায়তার চেক হাতে পেয়ে অনেক স্বজনহারা পরিবারের সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।