লালমনিরহাটে ভারতীয় পণ্য চোরাচালানের মামলায় সমীর পাল নামের এক ভারতীয় নাগরিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (২২ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত সমীর পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ নভেম্বর সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এসময় একটি ভারতীয় ট্রাকসহ চালক সমীর পালকে আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২৭২ কেজি সিসা সদৃশ বস্তু, ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১,৫০০টি ওসিমিন ৮০ এমজি ট্যাবলেট, ৪ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের ১,৫০০টি ওসিমার্ট ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং ৪৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকটি সহ উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
পরবর্তীতে এ ঘটনায় ৬১ বিজিবির নায়েব সুবেদার মো. আনজারুল হক বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করে এবং তদন্ত শেষে চার্জশিট দাখিল করে। পরে আদালত শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আজ বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে আসামির সাজার পাশাপাশি মামলায় জব্দকৃত ট্রাকটি নিয়মানুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। একই সঙ্গে আসামির সাজা ভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডঃ সামসুল আলম মিলন(এপিপি) বলেন, বিজিবির হাতে উপযুক্ত আলামতসহ আসামি হাতেনাতে গ্রেপ্তার হওয়ার পর রাষ্ট্রপক্ষ থেকে আমরা আদালতের কাছে অপরাধটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। স্বল্প সময়ে আদালত উভয় পক্ষের সাক্ষ্য গ্রহন শেষে শুনানী করেন এবং রায় প্রদান করেন। রায়ে অভিযুক্ত সমীরের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডের সাজা দেন। সাজার পাশাপাশি জব্দ করা ট্রাক বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা এবং আসামিকে সাজা শেষে নিজ দেশে ফেরত পাঠানোর আদেশেও দিয়েছেন আদালত। এই রায়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট।