সারের দাবিতে চাষিদের মহাসড়ক অবরোধ

চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ আমন চাষিরা। সোমবার (১০ আগষ্ট) সকালে জেলার কালীগঞ্জ উপজেলার বাজার এলাকায় কয়েক শত কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে সার সংগ্রহ করতে তাঁরা স্থানীয় ‘মাধু ভট্টাচার্য্য ডিলার পয়েন্টে’ যান। সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সার পাননি। একপর্যায়ে চাহিদা অনুযায়ী সার না দিয়েই ডিলার দোকান বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত কৃষকেরা। ভরা মৌসুমে সময়মতো জমিতে সার দিতে না পারলে আমন উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় রাজপথে নামেন তাঁরা।

অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত পাথরবাহী ও পণ্যবাহী ট্রাকসহ  যানবাহন আটকা পড়ে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ থানা পুলিশ। প্রশাসন কৃষকদের দাবি শুনে আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহের  আশ্বাস প্রদান দিলে  দুই ঘণ্টা পর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সততা স্বীকার করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কৃষকদের সারের ঘাটতি ও ক্ষোভের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে  দেখেছি। আগামী দুই দিনের মধ্যে সারের ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি করে কিংবা সারে কোনো অনিয়ম করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।