কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে অবস্থিত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে না আসার অভিযোগে আন্দোলনে নেমেছে ক্ষুদে শিক্ষার্থীরা।
সোমবার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ পেয়ে তারা লাঠিসোটা হাতে প্রতিবাদ করে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না এবং ঠিকমতো পাঠদানও হয় না।
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, শিমু খাতুন, সামসুন্নাহার জানায়, শিক্ষকরা দিনের পর দিন স্কুলে আসেন না। সময়মতো পাঠদান হয় না। শিক্ষকরা যাতে নিয়মিত হয় সে জন্য আজ আন্দোলনে নেমেছেন তারা।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান করে উপস্থিতি দেখিয়ে নিয়মিত বেতন ভাতা তোলেন। কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয় না। স্কুলে না এসে ঘরে বসে তারা হাজিরা খাতায় স্বাক্ষর দেয় বলেও শুনেছি।
খেয়ার আলগা প্রাথমিক বিদ্যালয়ের এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলে তিনি রিসিভ করেননি।
জেলা শিক্ষা কর্মকর্তা (ডিপিও) স্বপন কুমার রায় চৌধুরী জানান, বিযয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে গেলেন না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।