দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যালয়ে যাওয়ার পথে মায়ের সঙ্গে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারহানা সাদিকা শিফা (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের বাসস্ট্যান্ড বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিফা ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুল হক ও রিক্তা বানু দম্পতির মেয়ে। সে স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা রিক্তা বানু ওই বিদ্যালয়ে আয়া পদে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশে বের হয় শিফা। বাসস্ট্যান্ড বটতলী এলাকায় সড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে বগুড়াগামী একটি দ্রুতগতির মেইল বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিফাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিফার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল সোয়া ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে ফুলবাড়ী-দিনাজপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।
এলাকাবাসী আব্বাস আলী ও শহিদুল ইসলাম বলেন, ফুলবাড়ী শহরে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন। শহরের সড়কে বাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ অথবা বিকল্প হিসেবে বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান তারা।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।