কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। বুধবার সকালে সোনাহাট বাজারের একটি ডিলার পয়েন্টে সার বিতরণ না করার কথা জানতে পেরে তারা সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কে যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার বিতরণের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন। পরে পুলিশ, বিজিবি ও আনসারের উপস্থিতিতে সার বিতরণ শুরু হলেও বিশৃঙ্খলা দেখা দেয়।
কৃষকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা চাহিদামতো সার পাচ্ছেন না। সময়মতো সার না পেলে আমন আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
ইউএনও অমৃত দেব নাথ বলেন, কৃষকদের মধ্যে সার নেওয়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে কথা বলে সুষ্ঠুভাবে সার বিতরণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।