লালমনিরহাটে শিশু রিয়ামনি ধর্ষণ মামলার প্রায় আট বছর পর রায় ঘোষণা হয়েছে।
বুধবার (২সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিতানন্দ সরকার আসামি সুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সুজন লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলামের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালে আট বছরের রিয়ামনি ও তার মা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার জন্য লালমনিরহাট আদালত প্রাঙ্গণের সামনে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় সুজন শিশুটিকে ঘুরিয়ে দেখানোর কথা বলে আদালতসংলগ্ন এয়ারপোর্ট এলাকার একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
শিশুটির চিৎকার ও কান্না শুনে স্থানীয়রা এগিয়ে এলে সুজন পালিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সুজনকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।