বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যায় সান্তাহার জংশনে পৌঁছালে এর পেছনের একটি বগি রেললাইন থেকে ছিটকে যায়। খবর পেয়ে সান্তাহার জংশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল বলেন, সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পান তারা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্টেশন কর্তৃপক্ষও উদ্ধারকাজে যুক্ত হয়েছেন।

তিনি জানান, লাইনচ্যুত বগিটি সরিয়ে নিতে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানোর জন্য যোগাযোগ করা হয়েছে। উদ্ধারের উদ্দেশ্যে রিলিফ ট্রেনটি ইতোমধ্যে রওনা হয়েছে।