পঞ্চগড়ে শরতের শুরুতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে যায় বিভিন্ন এলাকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার গ্রাম ও শহরের সড়কগুলো কুয়াশায় আচ্ছন্ন ছিল। এতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। চালকদের হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা আগে দেখেননি তারা। ভোরের কুয়াশা দেখে অনেকে শীতের আগমনের কথা ভাবলেও এ সময় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সকাল বাড়ার সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কেটে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন চারপাশ ঘন কুয়াশায় ঢেকে আছে। কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে দেখেননি বলেও জানান তিনি।
অটোচালক আব্দুর রহিম বলেন, সকালে অটো নিয়ে বের হলেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই ধীরগতিতে গাড়ি চালাতে হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা দিতে পারে। পাশাপাশি দীর্ঘ সময় আকাশে মেঘ থাকা এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরির অন্যতম কারণ।