লালমনিরহাটে প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক গোকুল রায় (৮০) হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বড়ুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অনিমেশ বর্মন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আহত সাংবাদিক গোকুল রায় বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় তার ছেলে অয়ন জ্যোতি রায় বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের সঙ্গে গোকুল রায়ের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে যিতিন্দ্রনাথ বর্মন ও তার লোকজন তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বাড়িতে একা পেয়ে যিতিন্দ্রনাথের ছেলে অনিমেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে গোকুল রায়ের ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেশী শাহজাহান মন্ডল জামান বলেন, ‘অভিযুক্তরা দলবদ্ধ হয়ে এসে হঠাৎ হামলা চালিয়েছে। বৃদ্ধ সাংবাদিককে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও রক্তাক্ত জখম করা হয়েছে। আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।’
হাসপাতালে চিকিৎসাধীন গোকুল রায় বলেন, সদর উপজেলার বড়ুয়া এলাকায় তার মায়ের নামে থাকা ৪৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বেদখল করে ভোগদখল করা হচ্ছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ বিরোধের জেরেই বিনা উসকানিতে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। হামলাকারীদের বিচারও দাবি করেন এই সাংবাদিক।
এ ঘটনায় অভিযুক্ত অন্যরা পলাতক থাকায় এবং তাদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।