ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪

চিকিৎসা নিতে এসে ছাদ ধসের ঘটনায় আহত হয়েছেন চিকিৎসকসহ চারজন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। ছাদের অংশ ধসে পড়ার পর সেখানে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির জরুরি বিভাগের ছাদের নিচে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। দুপুরে হঠাৎ ছাদের প্লাস্টার খসে ওই বোর্ডের ওপর পড়ে। কিছুক্ষণ পর বোর্ডসহ প্লাস্টারের বড় একটি অংশ ভেঙে নিচে থাকা লোকজনের ওপর পড়ে। এতে জরুরি বিভাগের সহযোগী রফিকুল ইসলামসহ চারজন আহত হন।

ঘটনার সময় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা ১০ থেকে ১২ জন রোগী এবং চিকিৎসকের তিনজন সহযোগী ছিলেন। আকস্মিকভাবে ছাদের অংশ ধসে পড়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তবে এতে বড় ধরনের প্রাণহানি ঘটেনি।

আহতদের তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ধসে কয়েকজন আহত হয়েছেন। এটি অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি দিনাজপুরের সিভিল সার্জনকে জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৭০ বছর পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটলসহ নানা ধরনের অবকাঠামোগত ঝুঁকি থাকলেও কার্যকর সংস্কার করা হয়নি। ছাদ ধসের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ অবস্থায় দ্রুত ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার এবং রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।