এনসিপি নেতা খলিল বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জেলা শাখার দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একইদিন থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনসিপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মো. খলিলুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, খলিলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দকে অবগত করা হয়েছিল। পরবর্তীতে অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ায় জেলা থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, বহিষ্কারের ফলে খলিল এনসিপির প্রাথমিক সদস্যপদসহ দলের কোনো পদ-পদবিতে আর বহাল থাকছেন না।