দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তরের হিমেল বাতাসে বাড়ছে ঠান্ডার অনুভূতি। ভোরে হালকা কুয়াশা আর রাতভর ঠান্ডা বাতাসে শীতের আমেজ বাড়ছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। দিনের বেলায় রোদের দেখা মিললেও সকাল ও সন্ধ্যার পর থেকে শীতের অনুভূতি বেশি থাকছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন বুধবার তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শুক্রবার ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও কমে ১৩ ডিগ্রিতে নেমে এসেছে। অর্থাৎ টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে শীতের তীব্রতা কিছুটা কম থাকে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত অনুভূত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সূত্র: বাসস