হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কায় চারজন নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আঞ্জুরা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়। এতে পিকআপে থাকা আরোহীরা গুরুতর আঘাত পান এবং পানিতে তলিয়ে যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা পুকুর থেকে ৪ জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের চারজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এই ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে এবং আইনি কাজ শুরু করেছে।