সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ছাতক উপজেলার জালালপুর এলাকায় এবং সকালে দিরাই-মদনপুর সড়কে এই দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন-তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭) এবং ভাতিজি জামাই বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন। এছাড়া অজ্ঞাতনামা অটোরিকশা চালকও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রিফাত পরিবহন’-এর একটি বাস সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ যাচ্ছিল। পথে বাসটি হঠাৎ লেন পরিবর্তন করে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইউসুফ আলী ও চালক মারা যান। গুরুতর আহত অবস্থায় নিলুফা আক্তার, কেয়া এবং শাহাব উদ্দিনকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

এদিকে সোমবার সকালে দিরাই-মদনপুর সড়কে একটি দ্রুতগামী বাসের চাপায় নাম না জানা এক নারীর মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছাতকে সিএনজিচালকসহ পাঁচজন এবং দিরাইয়ে একজন নারী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’