মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ওয়াগনের একটি খালি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে আখাউড়াগামী ওই ওয়াগনের একটি ট্যাংকার হঠাৎ লাইনচ্যুত হয়।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তেলবাহী ওয়াগনটি লাউয়াছড়া বনাঞ্চলে প্রবেশ করার পর দুর্ঘটনার শিকার হয়। এতে রেলপথে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে হাইড্রোলিক টুল ভ্যান আনা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
শমশেরনগর রেল স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হচ্ছে না। দ্রুত লাইন সচল করতে কাজ চলছে।