মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই গ্রামের তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত হয়েছেন একই এলাকার শহিদ আলীর ছেলে সাব্বির (২৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে তিনজন শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই সৌরভ ও নাঈমের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানান, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।