মৌলভীবাজারের রাজনগর উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ ও বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সিলেট রেঞ্জ পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টার দিকে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম এবং পুলিশ সুপার আমিনুল ইসলাম।
এ সময় বন্যাকবলিত ১০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি ও বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে বন্যার্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, ওষুধ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এ সময় ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব। বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বন্যার্তরা সিলেট রেঞ্জ পুলিশ ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।