হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এ সংক্রান্ত আদেশ দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা না থাকায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

এর আগে, বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সংঘর্ষের ঘটনার পর এনসিপি, যুবদল ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকাল থেকে শহরের পরিস্থিতি ছিল থমথমে। পরে সকাল ১০টার পর পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর করে প্রশাসন।

নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যও দায়িত্ব পালন করেন।