২১ ঘন্টা পর মুচলেকায় মুক্ত হলেন মাহাদী

দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা আটক থাকার পর থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তাকে মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। সদর মডেল থানার সেকেন্ড অফিসার ধ্রুবেশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপরই বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত থানার সামনে মাহাদির পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অবস্থান করেন।

পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ সময় ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে নিরাপত্তার স্বার্থে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছিল।

মাহাদির বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, ‘আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর প্রায় ২১ ঘণ্টা থানায় আটক রেখেছে। মঙ্গলবার দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী মুচলেকা দেওয়া হয়েছে কিংবা মুচলেকায় কী লেখা হয়েছে, সে বিষয়ে পুলিশ আমাদের কোনো তথ্য দেয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।