সিলেটে কিশোরীকে শিকলে বেঁধে নির্যাতন, আটক ৩

সিলেট নগরের শাহজালাল উপশহরে ১৬ বছর বয়সী এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।

আটকরা হলেন উপশহরের সি-ব্লক এলাকার জাকির হোসেন (৪৩), তার ভাই মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার বুরহান উদ্দিন (৪৫)।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। এরপর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শাহজালাল উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেটের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগ ওঠে ওই ১৬ বছর বয়সী কিশোরীর বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন বাসিন্দা তাকে আটক করেন।

অভিযোগ রয়েছে, আটকের পর কিশোরীকে মারধর করা হয়। একপর্যায়ে তার কোমরে শিকল পরানো হয়। রাত ১১টার দিকে তাকে শিকল বাঁধা অবস্থায় সড়কে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কিশোরীর কোমরে শিকল বেঁধে তাকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় কিশোরীকে অঝোরে কাঁদতে দেখা যায়। তাকে বেশ কিছুটা পথ শিকল বাঁধা অবস্থায় টেনে নিয়ে যাওয়া হয়।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ কিশোরীকে থানায় নিয়ে যায়। তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ৮৯ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনও বিষয়টি নিয়ে তৎপর হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে।