হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৩ টায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতরাত ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫ নম্বরের একটি মাঝারি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটির সাথে ধাক্কা খায়।
এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), যাত্রী মো. মজনু মিয়া (৫৪) ও মো. রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন। নিহত তিন জনই বাংলাদেশ ডাক বিভাগের কর্মী।
নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নিহতদের লাশ হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।