হবিগঞ্জের মাধবপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রফিক মিয়া (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রফিক মিয়া রাজনগর গ্রামের ছাদু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আমানউল্লাহর ছেলে উজ্জ্বল মিয়া (৩৮) ও কয়েকজনের সঙ্গে রফিকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আওয়াল মিয়ার বাড়ির উঠানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকার প্রাইম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।