ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে শ্রমিক আটক

সিলেটের গোয়াইনঘাটে পাথর আনতে গিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে শাহরিয়ার নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে স্থান থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটক শাহরিয়ার (২২) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় জিরো পয়েন্ট স্থানীয় অন্য শ্রমিকের সঙ্গে পাথর আনতে যান শাহরিয়ার। এক পর্যায়ে সীমান্ত এলাকা থেকে পাথর আনতে গিয়ে ভারতের সীমানায় ঢুকে যান শাহরিয়ার তার সহযোগীরা। এসময় বিএসএফ ধাওয়া দিলে তার সহযোগীরা পালিয়ে বাংলাদেশে চলে এলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যাওয়া হয়।

শাহরিয়ারের বাবা মনির মিয়া বলেন, শাহরিয়ার কানে কম শুনে। সকালে শাহরিয়ারকে হাদারপার বাজারে দোকানে পাঠাই। কিন্ত সে পাথর আনতে মরকি টিলায় চলে যায়। সেখানে গিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। আমি বিজিবি বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়ককে বিষয়টি জানিয়েছি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য ভারতের ভেতরে ঢুকেছিলেন তিনি। অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশের কারণে তাকে বিএসএফ আটক হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।