১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২৬ মার্চ) তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এসময় তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকবে।
 
৭ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
 
এদিকে আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কাস্টম হাউস বা স্টেশনগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
তবে শুধু ঈদের দিনে শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে। এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মুকিতুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।