পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি, তথ্য পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে গ্যাস সংযোগ ও পুনঃসংযোগ দেওয়া, গ্যাস বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং ঠিকাদারের বিল প্রদানে দুর্নীতির অভিযোগ রয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো- তিনি বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুত সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য বিক্রি করেছেন। এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের আবেদনে বলা হয়, রফিকুল ইসলামের বিরুদ্ধে আনা এসব অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।

দুদকের এই আবেদনের শুনানি শেষে আদালত রফিকুল ইসলামের বিদেশযাত্রার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।