শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নিয়োগ বাতিল ও দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সোমবার ভোররাতে পুলিশ সাফিকুরকে সস্ত্রীক গ্রেপ্তার করে।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিমান বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাফিকুরকে ২০২৪ সালের সেপ্টেম্বরে এমডি ও সিইও হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
শিশু নির্যাতনের অভিযোগে রোববার গভীর রাতে উত্তরার বাসা থেকে শাফিকুর ও তার স্ত্রী বীথিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের সঙ্গে বাসার আরও দুই গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগমকেও গ্রেপ্তার করা হয়।
সোমবার আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজু আহমেদ শুনানি শেষে জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিমান এমডির গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় আসার পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বিমানের কার্যক্রম সচল রাখতে মঙ্গলবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির শীর্ষপদে বসানো হয়।