নির্বাচনে দ্রুত বিচার নিশ্চিতে ৬৫৭ জন বিচারককে মনোনয়ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিন তারা নির্বাচনি এলাকায় বিচারিক দায়িত্ব পালন করবেন।

আইন ও বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বিচারকদের তালিকা তৈরি করে ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে পাঠিয়েছে।

মনোনয়ন সংক্রান্ত চিঠিতে জানানো হয়েছে, ভোটের আগের দুই দিন (১০ ও ১১ ফেব্রুয়ারি), ভোটের দিন (১২ ফেব্রুয়ারি) এবং ভোটের পরের দুই দিন (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) মিলিয়ে মোট পাঁচ দিন এই ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।

মনোনীত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী নির্বাচনি অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে (Summary Trial) বিচার সম্পন্ন করার ক্ষমতা পাবেন। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য গত ৩ ফেব্রুয়ারি সারাদেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের এই নিয়োগের ফলে নির্বাচনি অপরাধে অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিত হবে এবং ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সহায়ক হবে বলে মনে করছে নির্বাচন কমিশন।