দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত আবেদনগুলো শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের কার্যতালিকায় আবেদনগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আদালতে তিনটি লিভ টু আপিলের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার শাহ নেওয়াজ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে এই শুনানির ওপর প্রার্থীদের ভোটের লড়াইয়ে টিকে থাকা নির্ভর করছে।
তিন আসনের মামলার প্রেক্ষাপট:
১. ঢাকা-১১ আসন: বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে ভানুয়াতোর দ্বৈত নাগরিকত্ব গোপন করার অভিযোগে রিট করেছিলেন এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। হাইকোর্ট রিটটি খারিজ করলে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।
২. কুমিল্লা-৩ আসন: এই আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা শুরুতে বৈধ ঘোষণা করা হলেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে এখন আপিল বিভাগে শুনানি হবে।
৩. বগুড়া-১ আসন: বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে তার মনোনয়ন চ্যালেঞ্জ করেন জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন। হাইকোর্ট রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ রাখলে সেই আদেশ চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করা হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের এই শুনানির মাধ্যমেই নির্ধারিত হবে এই তিন হেভিওয়েট প্রার্থী ব্যালট যুদ্ধে অংশ নিতে পারবেন কি না।