পবিত্র রমজান মাসজুড়ে দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল।
রিট আবেদনে বলা হয়, বাংলাদেশের সিংহভাগ নাগরিক মুসলিম এবং স্বাধীনতার পর থেকেই রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা একটি দীর্ঘকালীন প্রথা ও রীতি। সংবিধানের ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী, আইনসম্মত প্রথা ও রীতিও আইনের অংশ। তাই রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক।
আবেদনে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ সময় স্কুলে অবস্থান ও ক্লাস করার ফলে রোজা রাখা কোমলমতি শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। এটি ধর্মীয় আচার পালনে অন্তরায় সৃষ্টি করে। এছাড়া রমজানে স্কুল খোলা থাকলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা জনভোগান্তি বাড়ায়।