ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ'র আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা সিআইডি’র সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে, গত ১৫ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া অভিযোগপত্রের ওপর ‘নারাজি’ আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। ডিবির তদন্তে অসন্তোষ প্রকাশ করায় আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনি প্রচারণা শেষ করে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করা হলেও হাদির মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তর করা হয়।
ডিবি পুলিশের দেওয়া আগের অভিযোগপত্রে ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছিল। প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ ৫ জন এখনো পলাতক রয়েছেন। তদন্ত কর্মকর্তাদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়েছে।