২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার দায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির এই দিন ধার্য করেছিলেন। ওই দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। এর ধারাবাহিকতায় আজ মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তোলা হচ্ছে।
গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছিল। রাষ্ট্রপক্ষ সেই সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে ৮টি সুনির্দিষ্ট যুক্তি উপস্থাপন করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক ঐতিহাসিক রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ আপিল বিভাগে এই দণ্ড বৃদ্ধির আবেদনের ওপর গুরুত্বপূর্ণ শুনানি হতে যাচ্ছে।